শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার
মোঃ মাইনুল কবীর স্বপন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
শৈশবের স্মৃতিকে বুকে ধারণ করে জীবনের শেষ প্রান্তে এসেও বন্ধুত্বের টানে আবারও একত্রিত হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। শিশু শ্রেণি থেকে একসঙ্গে পথচলা সেই সহপাঠীরা দীর্ঘদিন পর মিলিত হয়ে যমুনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে আনন্দ, স্মৃতিচারণ ও পারস্পরিক ভালোবাসায় মেতে ওঠেন।
আজকের এই দিনে নৌভ্রমণ শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং নিজ গ্রামকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে একটি সামাজিক উদ্যোগেরও আত্মপ্রকাশ ঘটে। প্রাক্তন শিক্ষার্থীরা মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং গ্রামে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তাঁদের মতে, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অভিভাবকদের সচেতন করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শৈশবের সহপাঠীদের এই পুনর্মিলন যেন নতুন করে সামাজিক দায়বদ্ধতার বন্ধনে আবদ্ধ করেছে সবাইকে। যমুনার বুকে নৌভ্রমণের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তাঁরা প্রত্যাশা করেন, নিজেদের ঐক্য, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টায় দশানী বকশিয়া গ্রামকে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তাঁদের প্রত্যাশা—বন্ধুত্বের এই বন্ধন অটুট থাকুক, সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হোক এবং মাদকমুক্ত সমাজ গড়ার এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সর্বত্র।