সরিষাবাড়ীতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও মাঠে জলাবদ্ধতা : ভিজে স্কুলে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের
রাসেল মন্ডল স্টাফ সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবল বর্ষণের ফলে পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও পুরো মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অধিকাংশ সময় জমে থাকা দুষিত পানিতে ভিজে স্কুলে যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও শিক্ষকদের।
বিদ্যালয় ও স্থানীয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ীর পৌর এলাকার গণময়দান মাঠে অবস্থিত ৫৫ নং সরিষাবাড়ী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। গত কয়েকদিনের অতিবৃষ্টির কারনে গণময়দান মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা দূষিত হাটু পানিতে ভিজে স্কুলে আসতে হয় শিক্ষার্থী শিক্ষকদের। এতে করে অনেকে পানিতে পিছলে পড়ে স্কুল ড্রেস ও বই ভিজে যায়। ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী জ্বর, ঠান্ডা ও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।
শিক্ষার্থী জয়, রবিন হাসান, মিম, তাহিরাসহ একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের প্রতিদিন জুতা খুলে হাতে নিয়ে মাঠে জমে থাকা দূষিত পানিতে ভিজে স্কুলে আসতে হয়। আমাদের শ্রেণিকক্ষে পানি থাকার কারনে পড়ালেখা করতে পারি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা খাতুন বলেন,
জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতিতে প্রভাব পড়েছে। এমন পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে এবং তারা তাদের প্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে পারছে না।এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
স্থানীয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম পিন্টু বলেন সরিষাবাড়ী গণ ময়দান মাঠে বৃষ্টি হওয়ার কারণে পানি জমে থাকে,এতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে খু্বই কষ্ট হচ্ছে ও খেলাধুলাও করতে পারছে না তারা।স্থানীয় মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার ও উপজেলা প্রশাসনের কাছে মাঠের পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, স্কুল মাঠের জলাবদ্ধতার ঘটনাটি দুঃখজনক। ইতিমধ্যেই বিষয়টি জানার পর বিদ্যালয় মাঠ থেকে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং শিক্ষার্থীরা আবার তাদের শিক্ষাজীবন স্বাভাবিকভাবে শুরু করতে পারবে।