ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজন, মানবিকতার দৃষ্টান্ত ‘বন্ধুত্বের বাংলাদেশ’
নিউজ ডেক্সঃ
রাজধানীর ব্যস্ত নগরজীবনে প্রতিদিনই অসংখ্য ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষ জীবন সংগ্রামে লড়াই করে চলেছেন। তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘বন্ধুত্বের বাংলাদেশ’। শুধু খাবার বিতরণ নয়, সম্মান আর ভালোবাসা ভাগাভাগির এই আয়োজন হয়ে উঠেছে অনন্য। বিস্তারিত জানাচ্ছেন…
শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ছিন্নমূল, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাবার ভাগাভাগির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্বের বাংলাদেশ’।
এটি ছিল না শুধুই খাদ্য বিতরণ কর্মসূচি। বরং সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে একই কাতারে বসে সময় কাটানো, কথা বলা এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার এক মানবিক প্রয়াস।
আয়োজনে অংশ নেওয়া পথশিশু ও অসহায় মানুষের মুখের হাসি যেন প্রমাণ করে, আন্তরিকতা আর সম্মানই মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। অনেকের কাছে একবেলা পুষ্টিকর খাবার যেমন স্বস্তির, তেমনি ভালোবাসার স্পর্শ তাদের মনে জাগিয়েছে নতুন আশার আলো।
সংগঠনের সদস্যরা জানান, এটি কোনো একদিনের কর্মসূচি নয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিয়মিত দাঁড়ানোর অঙ্গীকার থেকেই তাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
“আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। শুধু খাবার নয়, ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
প্রতি মাসে চারটি শুক্রবার নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে ‘বন্ধুত্বের বাংলাদেশ’। এর মধ্যে দুই শুক্রবার খাবার বিতরণ এবং বাকি দুই শুক্রবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের আর্থিক সহায়তা, কর্মসংস্থানের ব্যবস্থা এবং পথশিশুদের শিক্ষার সুযোগ তৈরিতেও কাজ করছে সংগঠনটি।
শুধু তাই নয়, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটকালেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে তারা।
আয়োজনে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনটি ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
মানবিক সমাজ গঠনে প্রয়োজন শুধু সামর্থ্য নয়, প্রয়োজন আন্তরিকতা ও সহমর্মিতা। সেই বার্তাই ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘বন্ধুত্বের বাংলাদেশ’।