
মধুপুরে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা
মেহেদী হাসান বকুল মধুপুর (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে মধুপুর সরকারি কলেজের হল রুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এ কর্মসূচির আয়োজন করে।
এতে সনাক সদস্য, সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), গণমাধ্যমকর্মী ও মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মধুপুর সনাক সভাপতি মো. বজলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র দাস।
তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জানার পাশাপাশি এর গুরুত্ব ও যথাযথ ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন হওয়া জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ গুরুত্বপূর্ণ। তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে টিআইবির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
টিআইবি-সনাক মধুপুরের এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া স্রংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মধুপুর সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হুমায়ুন কবীর, সনাক সদস্য ও সাংবাদিক মো. লিটন সরকার ও দেবাষীশ গোস্বামী, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান ও মেহেদী হাসান বকুল, ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।
পরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সনাক সদস্য দেবাষীশ গোস্বামী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।