
ঘাটাইলে অটোরিকশা-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, দুই হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা
মাইনুল কবীর (স্বপন) ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে খাবারের মান ও পরিবেশসংক্রান্ত অনিয়মের দায়ে দুটি হোটেলকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুর পর্যন্ত পৌর এলাকার কলেজ মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড ও সমিল রোড পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরী তাসমিন উর্মি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটাইল কলেজ মোড় এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে রাখার কারণে দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছিল।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে খাবারের মান ও পরিবেশসংক্রান্ত অনিয়মের দায়ে হোটেল পাঁচতারাকে ৫ হাজার টাকা এবং ধানসিঁড়ি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরী তাসমিন উর্মি জানান, পৌর এলাকার যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।